কুষ্টিয়ায় জেলা প্রশাসক বদলি নিয়ে পক্ষে বিপক্ষে উত্তেজনার মধ্যেই নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি এখন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি হলে তাকে বহাল রাখার দাবিতে জেলায় আন্দোলন শুরু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘জুলাইযোদ্ধা ও কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ’ ব্যানারে শত শত মানুষ জড়ো হন। উপস্থিতদের প্রায় অর্ধেকই নারী ছিলেন। তারা বিভিন্ন স্লোগানে ইকবাল হোসেনকে বহাল রাখার দাবি জানান। সরজমিন দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে শহরের মজমপুর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে আসেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। এসময় এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের টহলও দেখা যায়। আন্দোলনকারীদের দাবি, প্রজ্ঞাপন বাতিল করে ইকবাল হোসেনকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। কেউ স্থান ত্যাগ করবেন না বলেও তারা ঘোষণা দেন। আন্দোলনে অংশ নেয়া জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক নেতা ইকবাল হোসেনকে মানবতার প্রশাসক উল্লেখ করে তার প্রত্যাহারের আদেশ পুনর্বিবেচনার দাবি জানান। তবে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, এ কর্মসূচি দলীয়ভাবে নয়, মানুষের ভালোবাসা থেকেই অনেকে সেখানে গেছেন। দলীয়ভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও তিনি দাবি করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের নেতারা বলেন, জেলা প্রশাসকের বদলি সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। এ নিয়ে মব তৈরি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। গত রোববার কুষ্টিয়াসহ দেশের পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই জেলায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক দেখা দেয়। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান জানান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে সাবেক জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন তার নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও তিনি জানতে পেরেছেন। এদিকে প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আহমেদ মাহবুব-উল-ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুষ্টিয়ায় ডিসি বদলি ঘিরে উত্তেজনা, আন্দোলনের মধ্যেই ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ
কুষ্টিয়া প্রতিনিধি
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
