সিলেটে এলজিআরডি প্রতিমন্ত্রী

সিসিক’র জনবান্ধব প্রকল্প অনুমোদন করবে সরকার

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি করপোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সকালে নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, আমার মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করবো। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমি আসার পথে দেখেছি সিলেট নগর অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আশা করি আপনারা এর ধারাবাহিকতা বজায় রাখবেন। সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মীর শাহে আলম ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি করপোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি। সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, মানুষ বুক ভরা আশা নিয়ে আমাদেরকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদেরকে পথ চলতে হবে। সিলেটকে বাংলাদেশের নাম্বার ওয়ান দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যেমন সহযোগিতা প্রয়োজন তেমনি, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়। সভায় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি করপোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি হযরত শাহ্‌জালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মীর শাহে আলম রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন