ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সোমবার কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা গ্রামের মো. আহাদ আলীর ছেলে মো. সজীব আলী (২০), অষ্টধার ভিটাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) ও একই গ্রামের মাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া ওরফে শিপন (১৬)। নিহত মো. সুমন মিয়া একই গ্রামের আমছর আলীর ছেলে। তারা নিয়মিত মাদক ব্যবসা ও সেবন করতেন। পুলিশ জানায়, সমপ্রতি মাদক বিক্রির টাকা ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে সুমন মিয়ার সঙ্গে সজীব আলীর হাতাহাতি হয়। এ বিরোধের জেরে সুমনকে হত্যার পরিকল্পনা করা হয়। গত ২৬শে ফেব্রুয়ারি রাতে সুমনকে মোবাইল ফোনে ডেকে অষ্টধার সেনপাড়া এলাকায় আনা হয়। সেখানে তারা গাঁজা সেবন করেন। একপর্যায়ে পুনরায় টাকার বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হলে কয়েকজন মিলে ধারালো ছুরি দিয়ে কপাল, থুঁতনি, গলা, ঘাড়, বুক ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সুমনকে হত্যা করে।
মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক খুন, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
