শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সচিবালয়ে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নীতকরণ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের আগেই এ উদ্যোগ চালুর চেষ্টা চলছে, তবে সম্ভাবনা কম। ঈদুল আজহার আগেই এটি কার্যকর হবে। যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। শিক্ষার্থীরা আইডি কার্ড, বয়স্করা আইডি কার্ড, প্রতিবন্ধীরা মন্ত্রণালয়ের দেয়া ডিজাবল কার্ড দেখিয়ে এ সুবিধা পাবেন।
রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে মন্ত্রী বলেন, রেলের সার্বিক উন্নয়ন চায় সরকার। সেবার মান বাড়ানো, যাতায়াতের সময় কমিয়ে আনা নিয়ে কাজ চলছে। অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে।
তিনি অভিযোগ করে বলেন, রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে। বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে-কলমে। উলটো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।
মন্ত্রীর দেয়া তথ্য মতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে। এছাড়া, আসন্ন ঈদে রেলে ৮৫-৮৬টি লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের চেষ্টা চলছে। সেটি পারলে কোনো শিডিউল বিপর্যয় হবে না।
