মুম্বইয়ের গ্যালারি স্তব্ধ করে দিতে চায় ইংল্যান্ড

মুম্বইয়ের গ্যালারি স্তব্ধ করে দিতে চায় ইংল্যান্ড

ফন্ট সাইজ:

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম মানেই ৩৫ হাজার উন্মাতাল দর্শকের গগনবিদারী চিৎকার। আর প্রতিপক্ষ যখন স্বাগতিক ভারত, তখন সেই চাপ সামলানো যেকোনো দলের জন্যই কঠিন। তবে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে মোটেও ভীত নয় সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান বলেন, তাদের প্রথম লক্ষ্য থাকবে ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দেয়া। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারান জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার অভিজ্ঞতা তাদের প্রতিকূল পরিবেশে লড়তে সাহায্য করবে। তিনি বলেন, ‘তরুণ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলাটা একটা স্বপ্নের মতো। ভারত অবশ্যই শক্তিশালী দল, কিন্তু আমরা এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। এই মাঠগুলো আমাদের চেনা, তাই অজানা কিছু নেই।’ উইল জ্যাকস মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ওয়াংখেড়ে নিয়মিত খেলেন। ফলে কন্ডিশন ও দর্শকদের উন্মাদনা তাদের জন্য গা-সওয়া হয়ে গেছে। কারানের মতে, গ্যালারির শব্দই বলে দেবে ম্যাচে কারা আধিপত্য করছে। তিনি বলেন, ‘যদি গ্যালারি একদম চুপচাপ থাকে, তবে বুঝতে হবে ইংল্যান্ড ভালো করছে। আমরা এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই মাঠে নামবো।’
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটা ছিল নাটকীয়। নেপালের বিপক্ষে শেষ ওভারে ১০ রান দরকার হলে কারান মাত্র ৫ রান দিয়ে দলকে খাদের কিনারা থেকে বাঁচিয়েছিলেন। এরপর ইতালির বিপক্ষেও বল হাতে দারুণ করেন তিনি। ব্যাট হাতেও ছয় নম্বরে নেমে ১৪৯ রান করে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। কাকতালীয়ভাবে গত দুই আসরে যারা এই লড়াইয়ে জিতেছে, তারাই শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছে। ২০২২ সালে অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আর ২০২৪ সালে গায়ানায় ৬৮ রানে জিতে শিরোপা জিতেছিল ভারত।
আজ প্রথম সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। জয়ী দল আগামী রোববার আহমেদাবাদের ফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর সঙ্গে। স্যাম কারান আশাবাদী, আরও একটি ধাপ পেরিয়ে ফাইনালে পা রাখবে হ্যারি ব্রুকের দল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন