উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের উদ্দেশ্যে নিষিদ্ধ নাৎসি স্যালুট প্রদর্শন করে টটেনহ্যাম হটস্পারের কয়েকজন ভক্ত। এর কারণে ইংলিশ ক্লাবটিকে জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। একইসঙ্গে, স্পার্সদের সমর্থকদের ওপর অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিতে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও আরোপ করেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
ফ্রাঙ্কফুর্টের ডয়চে ব্যাংক পার্কে গত ২৮শে জানুয়ারি চ্যাম্পিয়নস লীগের ম্যাচের ঘটনা এটি। ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটিতে স্পার্স সমর্থকরা স্বাগতিক ভক্তদের উদ্দেশ্য করে নাৎসি স্যালুট দেয়। এক বিবৃতিতে উয়েফা জানায়, গ্যালারিতে সমর্থকদের বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণের দায়ে এই শাস্তি দেয়া হয়েছে। বর্ণবাদী আচরণের জন্য স্পার্সকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এ ছাড়া, গ্যালারি থেকে ‘বিপজ্জনক বস্তু’ ছুড়ে মারার অপরাধে আরও ২ হাজার ২৫০ ইউরো জরিমানা করা হয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে।
সমর্থকদের এমন আচরণকে পুরোপুরি জঘন্য বলে আখ্যা দিয়েছে স্পার্স কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতিতে ইংলিশ ক্লাবটি বলে, ‘আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের প্রতি নাৎসি স্যালুট দেয়া তিন ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। ক্লাবের নীতিমালা অনুযায়ী তাদের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ সেখানে আরও বলা হয়, ‘আমাদের ক্লাব সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ওই রাতে গ্যালারিতে মুষ্টিমেয় কিছু তথাকথিত সমর্থকদের এই জঘন্য আচরণ কোনোভাবেই ক্লাব এবং সাধারণ সমর্থকদের মূল্যবোধের প্রতিফলন নয়।’
আরেকটি ম্যাচে ওঠা একই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগে অল হোয়াইটদের এক সমর্থকের বিরুদ্ধেই একই অভিযোগ সামনে এসেছে। তার প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
স্পার্স সমর্থকদের ওপর আরোপিত এক বছরের স্থগিতাদেশ চলাকালীন নজর রাখবে কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে সমর্থকদের কাছে অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রি করতে পারবে না উত্তর লন্ডনের ক্লাবটি।
সমর্থকদের নাৎসি স্যালুটে ‘বিপাকে’ টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
