সেমিফাইনালের আম্পায়ার তালিকায় নেই বাংলাদেশের কেউ

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ এখন শেষের দিকে। আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে আসরের দু’টি হাইভোল্টেজ সেমিফাইনাল। তবে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকায় জায়গা পাননি বাংলাদেশের কোনো আম্পায়ার।
গতকাল সেমিফাইনাল পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল আম্পায়ারের দায়িত্ব পালন করলেও নক-আউট পর্বের জন্য তাদের বিবেচনা করা হয়নি।
কলকাতার ইডেন গার্ডেনসে আজ সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ভারতের নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার রড টাকার। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জাভাগাল শ্রীনাথ।
আগামীকাল বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফানি ও আলিম দার। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন পল রিফেল। এই ম্যাচের রেফারি হিসেবে কাজ করবেন অ্যান্ডি পাইক্রফট।
আগামী ৮ই মার্চ আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের অফিশিয়ালদের নাম এখনো ঘোষণা করেনি আইসিসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন