ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের ঘোষণা দেয়া হয়। রবিবার শক্তিশালী সাংবিধানিক তদারকি সংস্থার সদস্য আলিরেজা আরাফিকে এই অন্তর্বর্তী পরিষদে নিয়োগ দেয়া হয়েছে। পরিষদের অন্য দুই সদস্য হলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি ইজাজি।
বর্তমান ইরানি সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, এই অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনা করবে যতক্ষণ না ৮৮ সদস্যের একটি প্যানেল, যাকে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বলা হয়, তারা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রায় ৩৭ বছর ক্ষমতায় থাকা খামেনির শাসনের অবসান ঘটে শনিবারের এক প্রাণঘাতী মার্কিন-ইসরাইলি হামলায়। সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ দায়িত্ব গ্রহণ করলেও, অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে ‘যত দ্রুত সম্ভব’ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে।
