গেলো দু’টি সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষক হয়েছিলেন রূপনা চাকমা। দু’টি আসরেই শিরোপা জিতেছিল বাংলাদেশ। সবশেষ নারী লীগেও ক্লিনশিট রেখেছিলেন গোল পোস্টের নিচে নির্ভরতার প্রতিক হয়ে উঠা এই গোলরক্ষক। এশিয়ান কাপ বাছাই পর্বেও পিটার বাটলারের আস্থার প্রতিদান দিয়েছিলেন রূপনা চাকমা। অথচ সিডনির কমব্যাংক স্টেডিয়ামে মূল পর্বে চীনের বিপক্ষে তাকে একাদশেই রাখছেন না এই বৃটিশ কোচ। রূপনার জায়গায় নেয়া হয়েছে মিলি আক্তারকে।
রূপনার অনুপস্থিতিতে মিলি জাতীয় দলে খেললেও সাম্প্রতিক সময়ে তার খেলার রেকর্ড নেই। দলীয় সূত্রের খবর, কোনো ইনজুরি নয়, উচ্চতার কারণে কোচের অপছন্দের তালিকায় ঢুকে গেছেন এই গোলরক্ষক।
গোলরক্ষক ছাড়া অন্য পজিশনে তেমন চমক নেই। অধিনায়ক আফঈদা খন্দকার রয়েছেন ডিফেন্সের নেতৃত্বে। তার সঙ্গী শামসুন্নাহার, কোহাতি কিসকু, নবীরন খাতুন ও শিউলি আজিম। মিডফিল্ডে রয়েছেন মারিয়া, ঋতুপর্ণা, উমহেলা মারমা ও মনিকা। ফরোয়ার্ডে শামসুন্নাহার জুনিয়র। একাশের ফরম্যাট অনুযায়ী ৫-৪-১ ফরমেশন দৃশ্যমান। পিটার বাটলার আফিদাদের কিভাবে সাজিয়েছেন সেটা খেলা শুরুর পরই মূলত বোঝা যাবে।
বাংলাদেশ-চীন ম্যাচের রেফারি হিসেবে রয়েছেন থাইল্যান্ডের পানসা। সহকারী রেফারিও থাইল্যান্ডের। এশিয়ান কাপে ভিএআর রয়েছে। বাংলাদেশ ফুটবল এর সঙ্গে আজই অভিষেক ঘটছে।
‘বি’ গ্রপে থাকা বাংলােেশর অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আজ দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার ( গোলরক্ষক ), আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার, নবীরন, কোহাতি কিসকু, উমহেলা মারমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার (জুনিয়র)।
