এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে আজ। টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে প্রথম প্রতিপক্ষ নয়বারের চ্যাম্পিয়ন চীন। সিডনির প্যারামাটার কমব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ইতিহাস গড়ার ম্যাচটি।
ঐতিহাসিক ম্যাচটির আগে কোনো প্রকার চাপ নিচ্ছেন না অধিনায়ক আফঈদা খন্দকার। দেশের সবার আশা-প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবেই নিচ্ছেন তিনি, ‘না, আমাদের আসলে প্রেশার নেই। কারণ, আমরা দেশের জন্য খেলতে আসছি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি তো, আমাদের প্রেশার নেই।’
২১তম আসরে চীনা মেয়েরা লড়বে তাদের দশম শিরোপার লক্ষ্যে, আর বাংলাদেশের মেয়েদের হচ্ছে অভিষেক। র্যাঙ্কিংয়েও যোজন যোজন পার্থক্য বাংলাদেশ (১১২) ও চীনের (১৭) মধ্যে। নারী ফুটবলের পরাশক্তির বিপক্ষে নেমে তাই শেখার কথাই জানিয়ে রাখলেন আফঈদা, ‘চায়না টিমের সঙ্গে খেলতে পারাটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার যে, চ্যাম্পিয়ন টিমের সঙ্গে আমরা খেলব। এর থেকে আমরা অনেক কিছু শিখব। তবে অবশ্যই মাঠের লড়াই ছেড়ে দেব না যে, ভালো টিম বলে। আমরা অবশ্যই ফাইট করব, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
এশিয়ান গেমসে তিনবারের জয়ী চীনা নারীরা ১৯৯৬ অলিম্পিক গেমসের রানার্সআপ দল। বিশ্বকাপে ৮ বার অংশ নিয়ে তাদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৯-এ রানার্সআপ হওয়া। বিশ্বমঞ্চে ৩৬ ম্যাচে চীনের জয় ১৭ ম্যাচে, ৭ ড্র ও ১২ হার। অন্যদিকে, দু’বারের নারী সাফজয়ী বাংলাদেশ এশিয়ান স্তরেই খেলছে প্রথমবারের মতো। তাই আফঈদাদের আজ হারানোর কিছুই নেই।
