ইরান-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চার দেশের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ হয়েছে। এ সময় কুয়েত, বাহ্রাইন, কাতার ও আমিরাতের মন্ত্রীরা তাদের দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। বাংলাদেশি অভিবাসীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমেদ আল-সাবাহ্, বাহ্রাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি সোমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পৃথকভাবে টেলিফোন করেন। টেলিফোনে তারা চলমান সংকট সম্পর্কে এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে এসব মন্ত্রী বলেন, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন। তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে দু’জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহ্রাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশসমূহে সংঘটিত বিনা উস্কানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের মন্ত্রীর ফোনালাপ
বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস
স্টাফ রিপোর্টার
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
