সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় শিশু উদ্ধার ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় শিশু উদ্ধার ধর্ষণের অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকোপার্কের নির্জন এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। সাত বছর বয়সী এই শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ফকিরহাট এলাকায় ইকোপার্কের ভেতরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধারের পর শিশুটি ক্ষীণস্বরে নিজের নাম জানায়। তার বাবার নাম নুর হোসেন। বাড়ি কুমিরা মাস্টারপাড়া এলাকায়। তবে কীভাবে সে ইকোপার্কের মতো নির্জন স্থানে গেল এবং কারা তাকে সেখানে নিয়ে যায়-সে রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চমেক হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, এখন পর্যন্ত কোনো অফিসিয়াল মেডিকেল রিপোর্ট বা মেসেজ দেয়া হয়নি। শিশুটির প্রাণ বাঁচানোই ছিল প্রথম লক্ষ্য। তাই আগে অস্ত্রোপচার করা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার ফরেনসিক বিশেষজ্ঞ দল শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন করবেন। তবে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ এবং জখমের ধরন দেখে ধর্ষণের প্রবল আশঙ্কা করা হচ্ছে। ​স্থানীয়দের অভিযোগ, পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ইকোপার্কে পর্যাপ্ত নিরাপত্তা নেই। তাই এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, শিশুটি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন