ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। যেখানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারির মতো মার্চেও ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা রেখেছে সরকার। মাসভিত্তিক দাম নির্ধারণের অংশ হিসেবে গত ২রা ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা। ভ্যাট কমানোর পর গত ২৩শে ফেব্রুয়ারি সেটি কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। তার আগের মাস জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ১২ কেজিতে দাম বাড়ে ৫০ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে ৫০ টাকা দাম বাড়ানোর পর ১৫ টাকা কমানো হয়েছিল। তবে মার্চে দাম অপরিবর্তিত রাখলো বিইআরসি। এ ছাড়া ১২.৫ কেজি ১৩৯৭ টাকা, ১৫ কেজি ১৬৬৭ টাকা থেকে বেড়ে ১৬৭৬ টাকা, ১৬ কেজি ১৭৮৯ টাকা থেকে ১ টাকা কমে ১৭৮৮, ১৮ কেজি ২০১২ থেকে ১ টাকা কমে ২০১১, ২০ কেজি ২২৩৬ টাকা থেকে ১ টাকা কমে ২২৩৫ টাকা, ২২ কেজি ২৪৫৯ টাকা থেকে ১ টাকা কমে ২৪৫৮, ২৫ কেজি ২৭৯৫ থেকে ১ টাকা কমে ২৭৯৪, ৩০ কেজি ৩৩৫৪ টাকা থেকে ২ টাকা কমে ৩৩৫২, ৩৩ কেজি ৩৬৮৯ টাকা থেকে ২ টাকা কমে ৩৬৮৭, ৩৫ কেজি ৩৯১৩ টাকা থেকে ২ টাকা কমে ৩৯১১ এবং ৪৫ কেজির সিলিন্ডারে ৫০৩১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৫০২৮ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন এ দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত
স্টাফ রিপোর্টার
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
