জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। পরে, অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১১ই মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে মোট ৩টি অভিযোগ আনা হয়েছে।
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে কামরুল ইসলাম ও রাশেদ খান মেননকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে নানান উস্কানি দেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এদিকে আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন শুনানির জন্য সময় চান আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। পরে আগামী ১১ই মার্চ শুনানির দিন ধার্য করেন আদালত।
মনে হলো আমি একটি জীবন্ত কবরের মধ্যে আছি: গুম করে নিয়েই আমাকে ৮/১০ ফুটের একটি কক্ষে রাখা হয়। সেখানে ছোট একটি চৌকি ছিল। এতে একটি তেল চিকচিকে বালিশ, একটি পুরনো ময়লা চাদর বিছানো ছিল। কক্ষটির দেয়ালে কোনো পলেস্তারা ছিল না। দেয়ালগুলো ছিল এবড়োথেবড়ো। কক্ষটির বিছানা সোজা উপরে ছিল একটি লাইট, যা ২৪ ঘণ্টা জ্বলতো। সামনের দেয়ালে বড় একটি এডজাস্ট ফ্যান ছিল। এতে প্রচণ্ড শব্দ হতো। কক্ষটির সামনে ছিল লোহার শিকের দরজা। শিকের পর কাঠের দরজা ছিল। তারা এডজাস্ট ফ্যানটি চালিয়ে লোহার দরজা ও কাঠের দরজাটি বন্ধ করে চলে যান। এতে আমি আতঙ্কগ্রস্ত ছিলাম। কান্নাকাটি করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। মনে হলো আমি একটি জীবন্ত কবরে আছি। এভাবেই সাক্ষী দিতে গিয়ে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন ৭১ বছর বয়সী ইকবাল চৌধুরীর। একসময় শিক্ষকতা ও ব্যবসা করতেন তিনি। তবে জবানবন্দি শেষ না হওয়ায় আগামী ৫ই মার্চ পর্যন্ত এই মামলা মুলতবি করেন ট্রাইব্যুনাল।
জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ নম্বর সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন ইকবাল চৌধুরী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি। জবানবন্দিতে নিজের গুমের বীভৎস বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত এই ভুক্তভোগী বলেন, ফেসবুকে লেখালেখির কারণে ২০১৮ সালে গুমের শিকার হন। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া, গুম-খুন, হত্যা, ভারতীয় আধিপত্যবাদসহ অন্যান্য বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করতাম। এ জন্যই আমার বাসা থেকে গুম করে পিঠে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়া হয় বলে ট্রাইব্যুনালে উল্লেখ করেন ইকবাল করিম।
হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর: জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে হুমায়ুন কবিরের স্বাস্থ্য প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এ মামলায় অপর আসামিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। গতকাল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার ট্রাইব্যুনালকে বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন আনতে বলা হয়েছে। কিন্তু এসবে আমাদের ওপর কোনো নির্দেশনা ছিল না। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা যে প্রতিবেদন চেয়েছি সেটা আসেনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আসামির চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এটাই তার জন্য যথেষ্ট। এ ছাড়া তার অন্য ৩টি মামলা রয়েছে। এজন্য আমরা আরও এক মাস সময় চাই। পরে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনতে বলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন চাওয়া হয়। আর এসব প্রতিবেদন আগামী ৩০শে মার্চ জমা দিতে বলেন আদালত। এ মামলার পরবর্তী শুনানির জন্যও একইদিন নির্ধারণ করা হয়।
মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরুর আবেদন
স্টাফ রিপোর্টার
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
