ঢাকায় অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গুলিবিদ্ধ

ফন্ট সাইজ:

রাজধানীর সায়েদাবাদে বাস টার্মিনালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদক কারবারিদের গুলিতে সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ১২টা ৫৫ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান বলেন, পহেলা মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের সাতটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল।
আমাদের একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযানের জন্য অপেক্ষা করছিল। এ সময়ে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করে আমাদের টিম। পরে তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে পকেট থেকে পিস্তল বের করে তারা আমাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে। এতে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। গুলি করে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন