ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। উত্তেজনার মধ্যে জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিএসসি’র মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। সূত্র জানায়, ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজটি ২৭শে ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করা জাহাজটির পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে গতকাল আমিরাতের জেবেল আলী বন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পণ্য খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বিএসসি। বর্তমানে বিএসসি’র বহরে মোট সাতটি জাহাজ রয়েছে। এর মধ্যে জয়যাত্রা ছাড়া অন্য কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপারেশনাল কার্যক্রমে নেই। বাকি ছয়টি জাহাজ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, কানাডা, রাশিয়া, সেনেগাল ও লাইবেরিয়ার বিভিন্ন বন্দরে বাণিজ্যিক র্কাযক্রমে রয়েছে। বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম. মাহমুদুল মালেক বলেন, জাহাজটি বর্তমানে জেবেল আলী বন্দরের জেটিতে অবস্থান করছে। আমরা তাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছি। জাহাজে থাকা সকল নাবিকই ভালো আছেন। তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। শনিবার রাতে ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজটির মাত্র ১০০ গজ অদূরে ইরানের মিসাইল হামলার ঘটনা ঘটেছে। তবে মিসাইল হামলায় জাহাজে অবস্থান করা নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনার পর নাবিক-ক্রুদের পরিবারের সদস্যদের মাঝে ভয়-আতঙ্ক বিরাজ করছে। ৩১ নাবিক-ক্রু নিরাপদে ফিরতে পারবেন কিনা।
এর আগে, ২০২২ সালের ১লা মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসি’র জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন। পরে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে বিএসসি।
আটকা পড়েছে ‘বাংলার জয়যাত্রা’
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
