নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন ও ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। পরে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর, তারাগঞ্জ দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে শহরের ওই সড়কে অবস্থিত একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি বহুতল ভবনে অবস্থিত ঢাকা ব্যাংক পিএলসি, ভিশন শোরুম, গাউসিয়া হোটেল, পাহেলওয়ান হোটেল ও অনেকগুলো কাপড়ের দোকান ও শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে এ অগুন মনোহারি পট্টিতেও ছড়িয়ে পড়ে। এ সময় সড়ক বন্ধ করে দমকল বাহিনী আগুন নেভাতে থাকে। সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন জানান, ঈদের আগে বাজারে এ ধরনের অগ্নিকাণ্ড ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হবেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবুও শতকোটি টাকা হবে বলে জানান তিনি। সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে- সেটা এখনো জানা যায়নি। আগুন দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
