পিরোজপুরের নাজিরপুরের সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের জেসমিন সুলতানা জুঁই পিরোজপুরের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন এক দৃঢ় প্রত্যয়ে। জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জুঁই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২২-২৪ মেয়াদে তিনি জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। ২০১৮ সালে তিনি ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’-এর অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। এ ছাড়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন প্রশিক্ষিত ‘ফার্স্ট এইডার’ হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। জুঁই জানান, তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে কারিগরি শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী। তিনি মনে করেন, প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের মনোনয়ন দিলে কাজের পরিধি আরও প্রসারিত হবে। তিনি বলেন, তরুণরা এই সময়ের নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশের তথ্য ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকায় মানুষের প্রয়োজন নির্ধারণ করা সহজ হবে এবং তরুণ নারীরা দীর্ঘমেয়াদে দেশ ও দলের জন্য ভূমিকা রাখতে পারবেন। সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা এবং আধুনিক ব্যবস্থাপনা দক্ষতায় জুঁই এখন পিরোজপুরের মানুষের কাছে এক আশার নাম। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সংরক্ষিত নারী আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
