নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মেয়ের বাড়ি যাওয়ার পথে নানি ও নাতনি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২১শে ফেব্রুয়ারি সকাল থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকার বাসিন্দা সাত্তার মিয়ার পঞ্চাশোর্ধ্ব স্ত্রী আনোয়ারা খাতুন তার পাঁচ বছর বয়সী নাতনি সাইফাকে নিয়ে পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গাতি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে রওনা হন। তবে সকাল ১০টার দিকে তারা বাড়ি থেকে বের হলেও সারাদিন তাদের আর খোঁজ মেলেনি। পরে স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত রোববার কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি’র পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই জিডি নেয়া হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তিনি দ্রুত নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।
কেন্দুয়ায় মেয়ের বাড়ি যাওয়ার পথে উধাও নানি-নাতনি
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
