ঢাকার আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টায় আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার। গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়া (৫২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মো. মনসুর উদ্দিন মিয়ার ছেলে ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি। এ ছাড়া জুয়েল শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন তালুকদারের ঘনিষ্ঠ সহযোগী এবং উপদেষ্টা হিসেবে পরিচিত। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযানে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানায়, ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো পুরো এলাকার নিয়ন্ত্রণ করছেন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তালুকদার। পুলিশ সূত্র জানায়, জুয়েলের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। পুলিশের দাবি, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ও শীর্ষ সন্ত্রাসী পলাতক শুটার সাদ্দাম গ্রুপ দীর্ঘদিন ধরে আশুলিয়া ও সাভার জুড়ে চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্রের মহড়া ও প্রকাশ্য সন্ত্রাসের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। স্থানীয়দের অভিযোগ, চাঁদা না দিলে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়তো নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা। আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার মানবজমিনকে বলেন, জুয়েলকে হত্যাসহ ৭টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
