সিরাজগঞ্জে সরকারি পুকুর দখলের দ্বন্দ্বে দু’জনের মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি পুকুর দখলের দ্বন্দ্বে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের আরও ১১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ওই গ্রামের মৃত মমসের আলীর ছেলে ইসমাইল (৭০) ও মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টার দিকে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ৫ বিঘা সরকারি পুকুর নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলীর সঙ্গে বিএনপি’র সমর্থক আবু বক্কর সিদ্দিকের বিরোধ ছিল। পতিত সরকারের আমলে আছমত আলী মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। তবে গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। কিন্তু সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়। পরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আবু বক্কর সিদ্দিক পক্ষের ইসমাইল হোসেন ও আব্দুস সালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টার দিকে দুজনের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ওই পুকুর নিয়ে ২০০৭ সালেও একজন নিহতের ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোরালো চেষ্টা চলছে বলে তিনি জানান।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন