খুলনায় ফের সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে। গত রোববার রাতে নগরীর নিরালা জাহিদুর রহমান ক্রস রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার খলিলুর রহমানের ছেলে। আজিজ ইট-বালুর ব্যবসা করতেন। এ নিয়ে গত চারদিনে খুলনায় তিনজন হত্যাকাণ্ডের শিকার হলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে আজিজ নগরীর নিরালা জাহিদুর রহমান ক্রস রোডে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। এরপর তারা আজিজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত মোটরসাইকেলে চলে যায়। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। পুলিশের একটি সূত্র জানায়, আব্দুুল আজিজ নগরীর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সন্ত্রাসী গ্রুপ তাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিহত আব্দুল আজিজের বিরুদ্ধে দু’টি মারামারি ও একটি চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে ওসি উল্লেখ করেন। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ইফতারির আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) সামনে প্রতিপক্ষরা গুলি ও কুপিয়ে স্থানীয় যুবদল নেতা মুরাদ হোসেন খানকে হত্যা করে। এর আগের দিন বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে নগরীর খানজাহান আলী আফিল গেটে একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজের সামনে শেখ সোহেল নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। সোহেলের বিরুদ্ধে ২টি হত্যা ও একটি মারামারির মামলা রয়েছে।
এদিকে গত ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) নামে একজন ব্যবসায়ী নগরীর পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ আদায় করতে যান। নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর তিনি মসজিদ থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধানের দাবিতে গত বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। কাজী নিজাম উদ্দিন সুজন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাই।
খুলনায় গুলি ও ধারালো অস্ত্রাঘাতে আরেক যুবক নিহত
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
