রাজশাহীর পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাতদলের একজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় সাতজনকে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার সকালে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে। এর আগে গতকাল ভোরে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহীন (৫৫) রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলো- আলী হোসেন (৩৫), রূপচান আলী (৩৫), সেলিম হোসেন (৩০), শামীম হোসেন (৩০), শাজাহান আলী (৩০), রফিকুল ইসলাম (৩৫) ও মামুন হোসেন (৩০)। পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ভোরে একটি ট্রাকে করে আটজন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে মারধর করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সন্দেহভাজন ডাকাতদলের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আটজনের মধ্যে একজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। অন্য সাতজনের মধ্যে ছয়জন ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। একজন ভর্তি ৮ নম্বর ওয়ার্ডে। ওসি আরও জানান, মরদেহ থানা থেকে ময়নাতদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
পুঠিয়ায় ডাকাতির অভিযোগে ৮ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
