ধানক্ষেতে মিললো শিক্ষার্থীর মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

ফন্ট সাইজ:

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ও ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণহার থানার ওসি মো. হাবিবুর রহমান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে সোমবার ভোরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। এ বিষয়ে নিহতের মামা মো. মোকছেদ আলী বলেন-এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
কর্ণহার থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন- মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন