গ্রাম্য সালিশে পরকীয়ার অভিযোগে নারীকে জুতাপেটা

ফন্ট সাইজ:

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে সালিশ বৈঠকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। গত রোববার রাতে সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিজলাঠিমারা গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল স্থানীয় বেল্লাল (৩৫) নামের যুবকের। রোববার রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা তাকে আটক করে। এর কিছুক্ষণ পরই এ নিয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে। সালিশে উপস্থিত লোকজনের সামনে ছগির আলমের মৌখিক হুকুমে গৃহবধূর পিতাকে জুতা দিয়ে পেটানোর আদেশ করেন। এরপর গৃহবধূর কোল থেকে দুগ্ধজাত শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে জুতা দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। জুতা দিয়ে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে স্থানীয় বাবুল মিয়া বলেন, গৃহবধূর সঙ্গে বেল্লালের দীর্ঘ দিনের প্রেম। প্রায়ই দেখা করতো তারা। স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরেছে। পরবর্তীতে চেয়ারম্যানকে খবর দিলে তিনি এলাকাবাসীর সামনে বিচার করেন। এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম বলেন, পরকীয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে সালিশের মধ্যে উপস্থিত লোকজনদের শান্ত করতে গৃহবধূর বাবা তার মেয়েকে জুতাপেটা করেন। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রুস্তম আলী হাওলাদার বলেন, এ ধরনের নির্দেশনা তিনি দায়িত্বে থেকে দিতে পারেন না। বিষয়টি দুঃখজনক। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন