আবহাওয়া বিরূপ না হলে ম্যাচের আগের দিন মূল স্টেডিয়ামে অফিসিয়াল ট্রেনিং করার সুযোগ পায় দুই দল। তবে এএফসি এই টুর্নামেন্টের নতুন নিয়মে আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার চিরায়িত নিয়ম বাতিল করেছে। তাই সিডনির প্যারামাটার কমব্যাংক স্টেডিয়ামে অফিসিয়াল ট্রেনিংয়ের সুযোগ না পেয়ে সংবাদ সম্মেলনের পর দল নিয়ে মাঠ ঘুরে গেছেন চীন দলের কোচ এন্থনি মিলেসিচ। তবে বাংলাদেশ দল এদিন কমব্যাংক স্টেডিয়ামমুখী হয়নি। জানা গেছে ম্যাচের আধাঘণ্টা আগে স্টেডিয়ামে আসবেন পিটার বাটলারের শিষ্যরা। বাড়তি সময়ে স্টেডিয়াম ঘুরে দেখবেন মনিকাÑঋতুপর্ণারা। গতকাল সকালে জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেই দল নিয়ে হোটেলে চলে যান পিটার বাটলার। দুপুরে শুধু অধিনায়ক আফঈদা খন্দকারকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন এই বৃটিশ বোচ। অতি উচ্চাশা না করে বাস্তবতা মেনে দর্শকদের মাঠে আসার অনুরোধ করেছেন বাংলাদেশের কোচ বাটলার। তবে চীনের অস্ট্রেলিয়ান কোচ এন্থনি জোসে মিলেসিচ এশিয়ান মঞ্চে নবিশ বাংলাদেশ দলকে বেশ সমীহই করেছেন। আগামীকাল দু’দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এশিয়ার বড় মঞ্চে প্রথম ম্যাচ। চীনের বিপক্ষেও প্রথম লড়াই। একে তো বর্তমান চ্যাম্পিয়ন, তার ওপর সিডনি জুড়েই চীনা মানুষের ভিড়। কমব্যাংক স্টেডিয়ামের গ্যালারির একটা বড় অংশই থাকবে চীনাদের দখলে। বর্তমান চ্যাম্পিয়নদের এবারের লক্ষ্য দশম শিরোপা। গ্রুপে শক্তিশালী উত্তর কোরিয়া আছে, তাই প্রথম ম্যাচের নবিশ প্রতিপক্ষকে (বাংলাদেশ) একরত্তিও ছাড় দেবে না চীন, সেটা বলাই যায়। এসব মেনেও প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করছেন টিকিট সংগ্রহ করে মাঠে এসে আফঈদা-মনিকাদের উৎসাহ যোগাতে।
তবে দর্শকদের বাস্তবতা মেনেই মাঠে আসার অনুরোধ করেছেন পিটার বাটলার। কারণ হিসেবে এই বৃটিশ কোচ বলেন, ‘ওরা এখানে নয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এই লেভেলে নিয়মিত খেলছে। এ কারণে আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না। তবে আমরা আমাদের ফুটবল খেলবো এবং মানুষের মন জয় করার চেষ্টা করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সততা, নিষ্ঠা এবং বিনয়ের সঙ্গে খেলবো।’ গত বছরের জুলাইয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত হওয়ার পর প্রস্তুতি নিয়ে অনেক কথা বলেছিল বাফুফে। কয়েকবার দেশের বাইরে ক্যাম্প করার কথা বললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডেই সীমাবদ্ধ থাকে বাংলাদেশ দলের ক্যাম্প। যে কারণে প্রস্তুতি নিয়ে খুব খুশি ছিলেন না কোচ বাটলার। সিডনির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেও তিনি তা বলেছেন অকপটে। তবে কাল আর ওদিকে হাঁটলেন এই কোচ। কৌতুক করে শুধু বললেন গুলিস্তানের ক্যাম্প এখন সিডনিতে। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে আছে চীন (১৭)। তাই তাদের সঙ্গে লড়াইকে ডেভিড অ্যান্ড গোলিয়াথের সঙ্গে তুলনা করে বাংলাদেশ কোচ বলেন, ‘হ্যাঁ, তারা (চীন) সত্যিই অনেক ভালো দল। তারা কেবল ফুটবল পরাশক্তিই নয়, তাদের বিনিয়োগও অনেক বেশি এবং তাদের খেলোয়াড়রাও বেশ দক্ষ। এটি আসলে ডেভিড বনাম গোলিয়াথ কিংবা বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর মতো একটি লড়াই। আমাদের বাস্তববাদী হতে হবে, আমরা আসলে তাদের পর্যায়ের বা সেই মানের দল নই।’
দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপক্ষে হাই-লাইন ডিফেন্ডিং করে সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে মানের দিক দিয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে বাটলারের হাই-লাইন কৌশল ব্যর্থ। এশিয়া কাপ নিশ্চিত করার পর থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হাই লাইন ডিফেন্স করে অনেক গোল হজম করেছে। চীনের বিপক্ষে ডিফেন্স নিয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘এমন দলের বিপক্ষে খেলতে হলে অবশ্যই ডিফেন্স ঠিক রাখতে হবে। ডিফেন্সের কৌশল ও ৩ না ৪-৫ জন সেটা মাঠেই দেখা যাবে।’ বাংলাদেশের অধিনায়ক আফঈদা রক্ষণভাগের অন্যতম ভরসা। চীনের অনেক আক্রমণ তাকেই সামনে থেকে সামাল দিতে হবে। কোচ বাটলার সরাসরি হাই লাইন ডিফেন্স নিয়ে কিছু না বললেও অধিনায়ক বলেন, ‘আমরা এখানে বেশ কিছু দিন ধরেই অনুশীলন করছি। দিনকে দিন উন্নতি করছি। আমরা হাই লাইন ডিফেন্সেই খেলবো, যা খেলেছি।’ আজ চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সিডনি সময় সন্ধ্যা সাতটায়। এই সময়ে সিডনিতে একটু বেশি বাতাস ও ঠাণ্ডা আবহাওয়া থাকে। সন্ধ্যায় খেলা হওয়ায় ফ্লাডলাইটের আলোয় খেলতে হবে ঋতুপর্ণাদের। বাংলাদেশ সিডনিতে এক সপ্তাহ দিনের আলোয় সকালে অনুশীলন করেছে। এ নিয়ে বাটলার বলেন, ‘এটা কোনো সমস্যা হবে বলে মনে করি না। আমরা জুবিলি স্টেডিয়ামে যে মাঠে অনুশীলন করেছি সেটাও অনেক ভালো।’ এই আসরে বি গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপে আফঈদাদের অপর দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
