এশিয়ান কাপকে সামনে রেখে তিন মাসের প্রস্তুতি নিয়ে সিডনি এসেছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন। অস্ট্রেলিয়ান কোচ এন্থনি জোসে মিলেসিচের অধীনে দীর্ঘ এই সময়ে দুটি অফিসিয়াল ও দুটি আনঅফিসিয়াল ম্যাচ খেলেছে এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৮-০ ও স্কটল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে চীন। তবে গত ফেব্রুয়ারিতে আনঅফিশিয়াল দুই ম্যাচে ভিয়েতনামকে হারিয়েছে তারা। তারাই নবিশ বাংলাদেশ দলের বিপক্ষে সিডনির প্যারাম্যাটায় শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আজ । ধারে ভারে নিজেরা এগিয়ে থাকলেও প্রথমবার খেলতে আসা বাংলাদেশ দলকে সমীহ করছে চীন। দলটির কোচ মিলেসিচ সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা (আমার এই উত্তর) হয়তো আপনারা শুনতে চাইবেন না, তবে আমি আগামীকালের বাংলাদেশ ম্যাচের পরের ম্যাচের দিকে তাকাবো না। আমি জানি, বিশেষ করে চীনে সবাই উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের কথা বলছে; তবে প্রথমে আমাদের মনোযোগ এবং পরিকল্পনা আগামীকালের প্রতিপক্ষের ওপর রাখতে হবে। এর পরে, আমরা এটি (উত্তর কোরিয়া ম্যাচ) ভাবতে পারি এবং তার পরে উজবেকিস্তানের দিকে এগিয়ে যেতে পারি, যাদের বিপক্ষে আমরা ইতোমধ্যেই গত দুই বছরে দুবার খেলেছি।’ বাংলাদেশের বিপক্ষে প্রথমবার খেলতে নামার আগে চীনের কোচ এন্থনি বলেন, ‘আগামীকালের প্রতিপক্ষের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে আমাদের এবং এ মুহূর্তে, আমাদের খেলোয়াড়রা কেবল এটাই একমাত্র বিষয়, সেটা বাংলাদেশ ম্যাচ, সেদিকে মনোযোগ দিচ্ছে।’ এ ম্যাচে ডাগআউটে চলবে ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ড’ লড়াই। মিলেসিচ অস্ট্রেলিয়ান, বাটলার ইংলিশ। বাংলাদেশ কোচকে অবশ্য প্রশংসায় ভাসিয়ে চীন কোচ বলেন, ‘প্রতিটি দলের মতো আমরাও প্রতিপক্ষকে বিশ্লেষণ করি। প্রতিটি প্রতিপক্ষের সঙ্গে পূর্ণ সম্মানের সঙ্গে একই আচরণ করি। বাংলাদেশ খুব তরুণ একটি দল। বাটলার সেখানে দুর্দান্ত কাজ করছেন। আমি সত্যিই তাদের খেলার ধরন পছন্দ করি। তারা উপরে উঠে খেলে, গতিশীলতা আছে, তারা আগ্রাসী, টেকনিক্যালি ভালো। আপনি যদি তাদের সময় এবং খেলার জায়গা দেন, তাহলে তারা আঘাত করতে পারে।’ বাংলাদেশ দলের নতুন খেলোয়াড়দের বাহবা দিয়ে চীন কোচ বলেন, ‘বাংলাদেশ দলে সত্যিই ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে। আপনারা যদি দেখেন, তারা এখানে কীভাবে এসেছে। বাছাইয়ে বিপুল দর্শকের সামনে মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে এসেছে। এই কৃতিত্ব তাদের এবং প্রশংসা পাওয়ার দাবিদার তারা। এটি তাদের জন্য দুর্দান্ত একটি অভিজ্ঞতা। সংবাদ সম্মেলনে চীনা অধিনায়ক উ হাইয়ান বলেন, ‘আসলে, এই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলবো। তো আমরা সবাই সামনের দিকে তাকিয়ে আছি। কেননা, প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ। প্রথমত আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং তাদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। আগামীকালের ম্যাচের দিকে আগ্রহভরে তাকিয়ে আছি আমি।’
তবুও বাংলাদেশ ম্যাচে ফোকাস চীনের
স্পোর্টস রিপোর্টার, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
