কোপা দেল রে বা স্প্যানিশ কাপে আজ ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে এক অস্বস্তিকর ও অচেনা পরিস্থিতির মধ্যে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামছে কাতালান দলটি। প্রথম লেগে ৪-০ গোলে পরাজয়ের পর হান্সি ফ্লিকের শিষ্যদের সামনে মৌসুমের কঠিনতম চ্যালেঞ্জ। রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে আগের ম্যাচে ছন্দহীন ফুটবল খেলা বার্সার আজ ক্যাম্প ন্যুতে নিখুঁত পারফরম্যান্সের বিকল্প নেই। ম্যাচটি শুরু হবে রাত ২টায়। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে একটি দুঃসংবাদ বার্সেলোনার। স্প্যানিশ লা লিগার শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোটে পড়েন রবার্ট লেভানদোভস্কি। বাঁ চোখের চোটের কারণে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন এ পোলিশ ফরোয়ার্ড। সুখবরও আছে ব্লাউগ্রানাদের জন্য। কাতালুনিয়া রেডিওতে সাংবাদিক রজার আরবুসার তথ্য অনুযায়ী, অ্যাটলেটিকোর বিপক্ষে শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত পেদ্রি। জানুয়ারির শেষ দিকে হ্যামস্ট্রিং চোটে পড়ে এক মাসের জন্য মাঠের বাইরে যান ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। এর আগে লেভান্তের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ভিয়ারিয়ালের বিপক্ষে পেদ্রিকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হলেও, শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে নামান তাকে নামান কোচ হান্সি ফ্লিক। তবে এবার ফিটনেস ও ছন্দ ফিরে পাওয়ায় শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। যদিও স্প্যানিশ গণমাধ্যম বলছে, পুরো ৯০ মিনিট তার মাঠে থাকার সম্ভাবনা ক্ষীণ। সর্বোচ্চ ৭৫ মিনিট খেলতে পারেন পেদ্রি।
অন্যদিকে, প্রথম লেগে দাপুটে পারফরম্যান্স দেখানো অ্যাটলেটিকো আজ বাকি কাজ শেষ করতেই মাঠে নামবে। প্রথম ম্যাচের বিধ্বংসী প্রদর্শনীতে কার্যত ফাইনালে এক পা দিয়ে রেখেছে দিয়েগো সিমিওনের দল। গত ১২ই ফেব্রুয়ারির প্রথম লেগের ম্যাচে শুরুর দিকেই এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সা। এরপর আতোয়ান গ্রিজম্যানের ঠান্ডা মাথার ফিনিশে ব্যবধান দ্বিগুণ হয়। আদেমোলা লুকম্যানের জোরালো শটে স্কোরলাইনে যোগ হয় তৃতীয় গোল। এবং বিরতির ঠিক আগে এ নাইজেরিয়ান ফরোয়ার্ডের অ্যাসিস্টে শেষ গোলটি করেন জুলিয়ান আলভারেজ। বিরতির আগেই চারটি গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। মাঠে ফিরে আর গোল করা হয়নি সে ম্যাচের স্বাগতিকদের, বার্সাও কোনো জবাব দিতে পারেনি। অ্যাটলেটিকোর সাম্প্রতিক ফর্মও আশাব্যঞ্জক। শেষ ৫ ম্যাচে তাদের জয় ৩টিতে, ড্র ও হার ১টি করে। সবশেষ লা লিগার ম্যাচে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ১-০ গোলে জয় পায় তারা। তবে দুর্গম পথ পাড়ি দেয়ার আগে সাহস পাচ্ছে প্রতিযোগিতার রেকর্ড শিরোপাধারীরা। চলতি মৌসুমে সামগ্রিকভাবে ছন্দেই রয়েছে ৩২বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। বিশেষ করে লীগের শীর্ষস্থানে ফিরে ফ্লিকের দলের আত্মবিশ্বাসে কমতি থাকার কথা নয়। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটিতে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন লামিন ইয়ামাল। জিওভানি দস সান্তোস (১৯ বছর ৬ দিন) ও লিওনেল মেসিকে (১৯ বছর ২৫৯ দিন) টপকে সেদিন স্পেনের শীর্ষ লীগের এক ম্যাচে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক পান এ স্প্যানিশ তারকা।
উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক চারবারের দেখায় এ দু’দলের কোনো ম্যাচই ড্র হয়নি। ‘বাস পার্ক’ বা রক্ষণে জোর দেয়ার পরিকল্পনার কারণে সুপরিচিত অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। আজ চার গোলের বড় লিড নিয়ে তারা সেই কৌশলেই খেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে বার্সার পূর্ণ আক্রমণের লক্ষ্যের সুযোগ নিয়ে প্রতি আক্রমণে ফাঁকা জায়গা কাজে লাগানোই হবে অ্যাটলেটিকোর লক্ষ্য।
তাত্ত্বিকভাবে বার্সার জন্য কাজটি খুব কঠিন হলেও পরিসংখ্যান ও ইতিহাস কাতালানদের অন্তত ম্যাচ অতিরিক্ত সময়ে নেয়ার স্বপ্ন দেখাচ্ছে। দায়িত্ব নেয়ার পর বার্সার কোচ হিসেবে ১০০ ম্যাচ পূরণ করেছেন ফ্লিক, এর যার মধ্যে ২৯টি ম্যাচে দল ৪ বা তার বেশি গোল করেছে। এটি এ জার্মান কোচের অধীনে দলের আক্রমণভাগের শক্তিমত্তার বড় প্রমাণ।
অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার অগ্নিপরীক্ষা
পুলক বিশ্বাস
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
