ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে পিটিয়ে পা থেঁতলে দিলো মাদকসেবীরা

ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে পিটিয়ে পা থেঁতলে দিলো মাদকসেবীরা

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় এক আবাসিক হোটেল মালিককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত লোকমান মৃধা, হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি তার হোটেলে গিয়ে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেয়ায় তারা লোকমানের ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারী রাসেল ও মিরাজ বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে জানা গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। আহতের মেয়ে সাজেদা বেগম অভিযোগ করে বলেন- রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাবা বাধা দেয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর বলেন, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত এবং অপর অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল খান। এ ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন