সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন

ফন্ট সাইজ:

সাতক্ষীরার তালায় গভীর রাতে বিএনপি’র দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইসমিল মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের শিখা দেখা যায় কার্যালয়ের ভেতর থেকে। মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। নগরঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, এটি পরিকল্পিত নাশকতা। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা প্লাস্টিকের কয়েকটি চেয়ার, ব্যানার-ফেস্টুন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফর কবির বলেন-ঘটনাস্থলে কয়েকটি চেয়ার পোড়া অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন