সীতাকুণ্ডে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মালবোঝাই ট্রাক আটকে রাখার অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে মালবোঝাই একটি ট্রাক আটকে রাখার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার কদমরসুল এলাকার একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মো. আলী আব্বাস বাদী হয়ে মো. আলাউদ্দিন (৩৮), মো. জাহাঙ্গীর আলম (৪০), জানে আলম (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৭ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, পুরাতন জাহাজের মালামাল ব্যবসায়ী খোরশেদ ও আবছার প্রায় এক মাস আগে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ‘পল বক্স’ নামে কাঠের বাক্স ক্রয় করেন। গত ২৮শে ফেব্রুয়ারি মালামাল ডেলিভারি নিতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে ‘সমন্বয়’ করার শর্ত দেন। এতে রাজি না হলে অভিযুক্তরা নিজেদের সরকারদলীয় পরিচয় ব্যবহার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চট্টমেট্রো-১১-২৪৪৭ নম্বরের একটি মালবোঝাই ট্রাক ইয়ার্ডের ভেতরে আটকে রাখা হয়। খবর পেয়ে রোববার থানার এসআই পরিমল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন