গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর অধীনস্থ যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের ৫ প্যাকেজে কারিগরি নির্দেশনা অমান্য করে ব্লক পিচিংয়ের দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ধরনের দুর্নীতি অব্যাহত থাকলে নদী তীর রক্ষা কার্যক্রম ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। স্থানীয় অভিযোগে জানা যায়, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে সাঘাটা উপজেলার গোবিন্দ ও হলদিয়া এলাকার রক্ষা প্রকল্পের বরমতাইড় প্যাকেজ নং-১ এবং মুন্সিরহাট প্যাকেজ ১ থেকে ৪ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা সরজমিন পরিদর্শন করা হয়। সরজমিন দেখা যায়, পাঁচটি প্যাকেজে একযোগে ব্লক পিচিং কাজ চলছে। তবে প্রতিটি প্যাকেজেই বিভিন্ন ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, কোথাও ফিল্টারিং বালু নিম্নমানের ব্যবহার করা হয়েছে, আবার কোথাও রাবিশযুক্ত অতি নিম্নমানের খোয়া দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। এ ছাড়া কোনো প্যাকেজেই নির্ধারিত ৪ ইঞ্চি পরিমাণ খোয়া ও বালু প্রদান করা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান- দুই নাম্বার খোয়া আর রাবিশ দিয়ে কাজ করছে। পানি আসলে ব্লকের নিচ থেকে রাবিশ ধুয়ে গিয়ে ব্লক সরে যাবে। একইভাবে, মুন্সিরহাটের একাধিক ব্যক্তিরা জানান, নিম্নমানের দায়সারা কাজ করলে আমাদের এলাকা আবার ভেঙে যাবে। এ বিষয়ে মুন্সিরহাট প্যাকেজ-৩ এর দায়িত্বে থাকা কার্যসহকারী (ওয়ার্ক এসিস্ট্যান্ট) বাবরের সঙ্গে সরজমিন কথা বলার চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি এবং সংশ্লিষ্ট সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. রুবেল সরকারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে বরমতাইড় প্যাকেজ-১ এর কার্যসহকারী (ওয়ার্ক এসিস্ট্যান্ট) মো. আইনুলও সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনিও বিষয়টি নিয়ে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীও মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
সাঘাটায় পাউবো’র প্রকল্পে ব্লক পিচিংয়ে দুর্নীতির অভিযোগ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
