বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান দলকে জরিমানা পিসিবি’র

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফর্মেন্স উপহার দিতে পারেনি পাকিস্তান দল। এ জন্য দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এমন তথ্য জানিয়েছে। গণমাধ্যমটিকে একটি সূত্র জানিয়েছে, গত ১৫ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়। পিসিবি থেকে খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, এখন থেকে শুধু পারফর্মেন্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা পাওয়া যাবে। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়কেই এই জরিমানাস্বরূপ ৫০ লাখ করে রুপি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা।
প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পিসিবি বলেছে যে, খেলোয়াড়রা যদি ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পান, তবে বাজে পারফরম্যান্সের জন্যও তাদের জরিমানা দিতে হবে। পাকিস্তানের ‘এ’ ক্যাটাগরির একজন খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতন পান, পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্বের অংশ হিসেবে পান আরো ২০ লাখ ৭০ হাজার রুপি। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক ৩০ লাখ রুপি বেতনের সঙ্গে আইসিসি’র অংশ হিসেবে পকেটে ঢোকে আরও ১৫ লাখ ৫০ হাজার রুপি। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক বেতন ১০ লাখ ও আইসিসির অংশ ১০ লাখ ৩৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৭ লাখ ৫০ হাজার ও আইসিসি’র অংশ ৫ লাখ ১৮ হাজার রুপি। এর বাইরে স্কোয়াডে থাকলে আলাদাভাবে খেলোয়াড়রা পান ম্যাচ ফি। বিশ্বকাপে গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে সাকুল্যে ৬টি ম্যাচ খেলার সুযোগ পায় পাকিস্তান। নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করা সালমান আলীরা হার দেখে ভারতের কাছে। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে বিপাকে পড়ে যায় তারা। পরে ইংল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হতো না, ব্যবধান লাগতো অনেক। শেষ পর্যন্ত ম্যাচটিতে ৫ রানের জয়ে সেমিফাইনালের সেই সমীকরণ মেলাতে পারেনি ‘মেন ইন গ্রিন’রা। টুর্নামেন্টের মাঝপথ থেকেই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের তুমুল সমালোচনায় পড়ে যান বাবর আজম, অধিনায়ক সালমান, শাদাব খান, শাহিন আফ্রিদির মতো তারকারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন