সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালালে আমিরাতে অন্তত ৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ আহমদ বলে স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে মৃত্যু হয় তার। দেশে তার পরিবার মৃত্যুর খবর পেলেও তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হতে পারেনি।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশি নিহত
স্টাফ রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
