সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণকে আরও বিপন্ন করবে। সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকার মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং অঞ্চল জুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করছে।
সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের
স্টাফ রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
