অবৈধভাবে স্কুলের জমি দখল ও ঘর ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন পালন করেছেন। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সঙ্গে টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এলাকার শিক্ষক-অভিভাবকদের কাছে আস্থার স্থল হয়ে উঠেছে বিদ্যালয়টি। পবিত্র রমজান উপলক্ষে স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে। এ সময় তারা বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করে। তারা বিদ্যালয়ের একটি টিনশেড ঘর ভেঙে ফেলে সেখানে নতুন করে ঘর নির্মাণকাজ শুরু করে। এ ছাড়া বিদ্যালয়ের জমিতে তারা অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এ সময় স্থানীয়রা তাদের বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন থেকে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধনে টুনিরহাট আদর্শ শিক্ষা নিকেতন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওজিফুল হক, প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নের বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আমরা এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড়ে স্কুলে হামলা ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
