৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৯০ কোটি টাকা ফেরতের নির্দেশ

ফন্ট সাইজ:

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে নেয়া প্রায় ৯০ কোটি টাকা ফেরতের নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য স্থান পেয়েছে। প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ বিভিন্ন আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি (৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭) টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেয়া হয়েছে।
প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ই-মেইলেও পাঠানো হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন