আসল পরীক্ষা রূপনা চাকমার

আসল পরীক্ষা রূপনা চাকমার

ফন্ট সাইজ:

অপেক্ষার পালা শেষ, পশ্চিম অস্ট্রেলিয়ার শহর পার্থে গতকাল পর্দা উঠেছে নারী এশিয়ান কাপের ২১তম আসরের। শুরুর দিনে স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হয় ফিলিপাইন। আর বাংলাদেশের ঐতিহাসিক এই আসর শুরু হচ্ছে আগামীকাল। যেখানে প্রথম দিনেই তাদের সামনে নারী ফুটবলে এশিয়ার পরাশক্তি চীন। যারা এরইমধ্যে ৯ বার এশিয়ান কাপের শিরোপা জিতেছে। রানার্সআপ হয়েছে দুইবার। ১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে দলটি। এই দলের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে গোলরক্ষক রূপনা চাকমার। তারই একটা নমুনা দেখা গেছে বাংলাদেশের অনুশীলনে। জুবলি স্টেডিয়ামে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল তিন গোলরক্ষক রূপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী মন্ডলকে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। তবে নারী সাফ জয়ী রূপনাকে যেন সময় দিলেন একটু বেশিই। আগের দু’দিনের মতো গতকালও বাংলাদেশ দল ঘাম ঝরিয়েছে সিডনির মূল ভেন্যু কমব্যাংক স্টেডিয়াম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জুবিলি স্টেডিয়ামে। এএফসি নতুন নিয়মের কারণে ম্যাচের আগের দিনও জুবলি স্টেডিয়ামে অনুশীলন করতে হবে আফঈদা-ঋতুপর্ণাদের। ম্যাচ ডে’র আগের দিন মূল ভেন্যুতে দলগুলো অনুশীলনের সুযোগ পেয়ে থাকে। তবে এএফসি এবার এই নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে। ম্যাচের আগের দিন প্র্যাকটিস নয়, শুধুমাত্র মাঠটি ঘুরে দেখার সুযোগ পাবে অংশগ্রহণকারী দল দুটি। কমব্যাংক স্টেডিয়ামের পাশেই পার্ক রয়েল হোটেলে উঠেছে বাংলাদেশ দল। জুবিলি স্টেডিয়ামে অনুশীলন শেষে কমব্যাংক স্টেডিয়ামে হাঁটতে যান আফঈদা-মনিকারা। যদিও সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি তারা। এমনকি ছবিও তুলতে দেনটি বাংলাদেশ দলের লিয়াজো অফিসার। তার আগে সকালে অনুশীলনের ফাঁকে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘আমাদের ফোকাস কালকের ম্যাচে। ওরা যদি বেসিক জিনিসটা ঠিক রাখে মিস করার চান্স কম। তো আমি ওদের কনফিডেন্সটা দিচ্ছি সারা বছর ধরে আমরা যেই জিনিসগুলো শিখেছি ওই সঠিক জিনিসটাই যদি আমরা করি আমাদের ভুলভ্রান্তি কম হবে। আর ভুলভ্রান্তি কম হলে আমাদের গোল কনসিড করার সুযোগটা কমে আসবে। সো প্লেয়াররা মোটিভেটেড।’ চীনের এই দলের অন্যতম সেরা ফুটবলার হচ্ছেন ঝাং লিনইয়ান। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যাম্প হটস্পারে। আরেক বড় ফুটবলার ওয়াং শুয়াং। ২০১৩ সালে অভিষেক হওয়া শুয়াং ১২৬ ম্যাচে করেছেন ৪৭ গোল। এদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে উজ্জ্বল বলেন, ‘আমরা যখন কোয়ালিফাই করেছি যখন গ্রুপিং হয়েছে তখন থেকেই চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান নিয়ে আমাদের কাজ হচ্ছে। আমরা নিয়মিত ম্যাচ দেখছি, ওদের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে আমাদের উইক সাইডগুলো ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা হয়েছে। ইভেন আজকের ট্রেনিং সেশনেও প্রত্যেকটা জোনে বা প্রত্যেকটা প্লেসে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটি, রোলস এগুলো আমরা বুঝানোর চেষ্টা করছি। আপনি খেয়াল করবেন আমরা যদি প্রত্যেকটা জিনিসের প্রপার রোলটা মেইনটেইন করতে পারি বা টেকনিকগুলো আমরা মেইনটেইন করতে পারি আমাদের মিসটেক হওয়ার চান্স কম থাকবে এবং বড় ধরনের ডিস্ট্রয় থেকে আমরা বেঁচে যাবো।’ চীনের আক্রমণভাগ নিয়ে আলাদা কাজ করছেন জানিয়ে উজ্জ্বল বলেন, ‘এটা তো সত্যি যে চীন বা উত্তর কোরিয়া ওরা অ্যাটাক করবে আমরা একটু বেশি ডিফেন্ড করার চেষ্টা করবো। তো ঝড়টা তো আসলে গোলরক্ষকদের ওপর দিয়েই যাবে। হয়তো ডিফেন্ডাররা একটু ডিপ ডিফেন্ডিং করবে।’ সাফ চ্যাম্পিয়নশিপের পরপর দুটি আসরে সেরা গোলরক্ষক হয়েছেন রূপনা চাকমা। সবশেষ নারী লীগের ১১ ম্যাচে কোনো গোল হজম করেননি বাংলাদেশের এই গোলরক্ষক। বাংলাদেশের গোলরক্ষক কোচ বলেন, ‘দেখুন রূপনা অভিজ্ঞ। তবে এই লেভেলের খেলার অভিজ্ঞতা ওর কম আছে। আমার লক্ষ্য হচ্ছে ওকে মানসিকভাবে
উজ্জীবিত রাখা। যাতে ম্যাচে ও কমভুল করে। ভুল যতো কম হবে, ততো আমাদের সম্ভাবনা বাড়বে।’ চায়না উত্তর কোরিয়ার ফুটবলাররা দীর্ঘদেহী। ওরা আবার লং রেঞ্জেও ভালো। এসব নিয়েও কাজ হয়েছে জানিয়ে দীর্ঘদিন নারী দলের সঙ্গে কাজ করা এই গোলরক্ষক কোচ বলেন, ‘গ্রুপিং হওয়ার পর থেকেই আমি দেখেছি ওরা কোত্থেকে মানে অন টার্গেট শুটিং করে বা কোন কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ওরা ফিনিশিং টাচগুলো করে। সো ওগুলো নিয়ে আমরা কাজ করছি। ওগুলো নিয়ে ভালো কাজ হয়েছে এবং লং রেঞ্জে আমার মনে হয় খুব একটা সাফার করবে না গোলকিপাররা ইনশাআল্লাহ।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন