টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে সুপার এইটে আসা প্রোটিয়াদের দাপট একটুও কমেনি। সুপার এইটেও অপরাজিত এইডেন মার্করামের দল। সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে রাখা প্রোটিয়া শিবির শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখলো। গতকাল জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে সেরা হয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পেলো তারা। ৪ঠা মার্চ কলকাতার ইডেন গার্ডেনে দুদলের মধ্যকার এ ম্যাচটি হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নতুন ইতিহাস গড়েন লুঙ্গি এনগিডি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের হয়ে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। জিম্বাবুয়ের রায়ান বার্লকে এলবিডব্লিউ করে তাবরেইজ শামসিকে (৮৯ উইকেট) ছাড়িয়ে যান ডানহাতি এ পেসার। মাত্র ৬৩ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন এনগিডি। বর্তমানে টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৯০। প্রোটিয়াদের হয়ে ৮২ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন কাগিসো রাবাদা।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ১৪ রানেই প্রথম উইকেট হারায় দলটি। তবে অধিনায়ক সিকান্দার রাজা এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক ইনিংস খেলেন। মাত্র ৩৪ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। রাজার ইনিংসটি ছিল ৩ চার ও ৬ ছক্কায় সাজানো। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে করবিন বোশ চার ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক (০) ও এইডেন মার্করামের (৪) উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ বলে ৪২ এবং ডেভিড মিলারের ১৬ বলে ২২ রানের ইনিংসে ভর করে তারা
ম্যাচে ফেরে। শেষ দিকে জর্জ লিন্ডে ২১ বলে ৩০ ও ট্রিস্টান স্টাবস ২৪ বলে ২১ রানের ইনিংস খেলেন। দুজনেই অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে নেয় প্রোটিয়ারা। ব্যাট হাতে কান্ডারি হওয়ার পর বল হাতেও জিম্বাবুয়ের পক্ষে উজ্জ্বল ছিলেন সিকান্দার রাজা। ২৯ রানে তিন উইকেট শিকার করেন তিনি।
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পেলো অপরাজিত দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
