শ্রীপুরে বনবিভাগের জমি নিয়ে প্রতারণার অভিযোগ

ফন্ট সাইজ:

শ্রীপুর উপজেলার কাওরাইদ বিটের আওতাধীন গলদাপাড়া কলেরপাড় এলাকায় বনবিভাগের জমিতে বাড়িঘর করার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নামধারী বনবিভাগের জমির দালাল হিসেবে পরিচিত আমির উদ্দিন ও সাইদুল ইসলাম প্রতি বাড়ি ২০ হাজার টাকা করে আদায় করছেন। রোববার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া কলেরপাড় এলাকায় স্থানীয় বাসিন্দারা দালালদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানান। তাদের অভিযোগ, বনবিভাগের জায়গায় বাড়ি করার কথা বলে টাকা নেয়া হলেও কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেয়া হচ্ছে না। স্থানীয়রা জানান, অনেকের নিজস্ব জোত জায়গায় বাড়ি নির্মাণ করতে গেলেও চাঁদা দাবি করেন অভিযুক্তরা। গলদাপাড়া কলেরপাড় এলাকার এক প্রতিবন্ধী ব্যক্তি তার নিজস্ব জায়গায় ঘর তুলতে গেলে বনবিভাগের লোকজন পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ জানালে স্থানীয় সাইফুল ইসলামকে মারধর করা হয় বলেও দাবি করেন এলাকাবাসী। পরবর্তীতে বনবিভাগের কর্মকর্তাদের মাধ্যমে সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গলদাপাড়া এলাকার রোজিনা নামে এক ভুক্তভোগী বলেন, বনবিভাগের জায়গায় বাড়ি করার কথা বলে আমির উদ্দিন ও সাইদুল ইসলাম আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। এই টাকা বনবিভাগের কর্মকর্তাদের দিতে হবে। কিন্তু পরে জানতে পারি টাকা তারা আত্মসাৎ করেছে।

অভিযোগের বিষয়ে আমির উদ্দিন ও সাইদুল ইসলাম বলেন, আমরা জমি নিয়ে অনেক ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা বলবো। এখন সময় নেই। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী দালাল চক্র বনবিভাগের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। একইসঙ্গে বন উজাড়ের ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন। ভুক্তভোগীরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন