ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে সুরিয়া নদীর উপর নির্মাণাধীন একটি গার্ডার সেতুর সংযোগ সড়কে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, নিম্নমানের কাজের কারণে বর্ষা মৌসুমে সংযোগ সড়ক ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় ৯৭ লাখ ৩৮ হাজার ৫৩০ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ।
সরজমিন দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কে নির্ধারিত মাটির পরিবর্তে পাশের আবাদি জমি থেকে উত্তোলিত বালু দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে বালু ব্যবহার করলে বৃষ্টির পানিতে তা স্রোতে ভেসে যাবে এবং সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় আব্দুল গফুর বলেন, বালু দিয়ে সড়ক নির্মাণ করলে বর্ষায় তা টিকবে না। এতে সরকারের অর্থ অপচয় হবে, আর আমাদের দুর্ভোগ বাড়বে। আরেক বাসিন্দা মো. সোহাগ মিয়া জানান, আমরা জানতাম মাটি দিয়ে ভরাট করা হবে। কিন্তু এখানে বালু ব্যবহার করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে সঠিকভাবে কাজ সম্পন্নের দাবি জানাই। অভিযোগের বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, লোকাল মাটি দেয়ার নিয়ম রয়েছে। বর্তমানে যা পাওয়া যাচ্ছে তাই দেয়া হচ্ছে। জমির মালিকের কাছ থেকে বালু ও মাটি কিনে নেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা পিআইও কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বালু দিয়ে সংযোগ সড়ক ভরাটের কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মাটি ব্যবহার করতে হবে এবং দু’পাশে গাইড ওয়াল নির্মাণ বাধ্যতামূলক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাল উদ্দীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি জানা রয়েছে। সরজমিন পরিদর্শন করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গৌরীপুরে গার্ডার সেতুর সংযোগ সড়কে মাটির বদলে বালু
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
