টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। ঠিক এসময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি টুর্নামেন্ট চালু রাখার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে এ অঞ্চলের আকাশপথ বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে বিশ্বকাপে অংশ নেয়া বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের যাতায়াত ব্যবস্থা ওলটপালট হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বিশেষ ‘জরুরি ভ্রমণ পরিকল্পনা’ চালু করে।
ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপের খেলা চললেও সারা বিশ্বের খেলোয়াড়দের যাতায়াতের প্রধান কেন্দ্র হলো দুবাই। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র হামলা ও উত্তেজনার কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়। ফলে টুর্নামেন্ট শেষ করে খেলোয়াড়দের বাড়ি ফেরা বা কর্মকর্তাদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
আইসিসি জানিয়েছে, মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়বে না। তবে যাতায়াত ঠিক রাখতে নিচের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। দুবাই বা মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে ইউরোপ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকল্প পথ ব্যবহার করে খেলোয়াড়দের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। দলগুলোর সুবিধার্থে একটি সার্বক্ষণিক ‘ট্রাভেল সাপোর্ট ডেস্ক’ চালু করা হয়েছে। আইসিসির নিরাপত্তা বিশেষজ্ঞরা নিয়মিত বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে কেউ ঝুঁকির মুখে না পড়ে।
আগামী ৪ঠা ও ৫ই মার্চ সেমিফাইনাল এবং ৮ই মার্চ ফাইনাল হবার কথা। আইসিসি জানিয়েছে, খেলা নির্ধারিত সময়েই হবে এবং সবার নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। একই পরিস্থিতিতে ক্রিকেটার মুশফিকুর রহীমও বর্তমানে জেদ্দা বিমানবন্দরে আটকে আছেন। আইসিসি আশা করছে, বিকল্প রুটে দ্রুতই সব সমস্যার সমাধান হবে।
বিপাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি’র বিকল্প পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
