যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর বড় প্রভাব পড়তে যাচ্ছে খেলার মাঠে। আগামী জুন মাসে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে ইরান। স্প্যানিশ দৈনিক মার্কা গতকাল এই তথ্য জানিয়েছে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজি দেশটির রাষ্ট্রীয় টিভিতে বড় এক ঘোষণা দেন। তিনি জানান, বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে বিশ্বকাপে অংশ নেয়া কঠিন। মেহেদি তাজি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের ক্রীড়া কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের হামলার পর এই বিশ্বকাপে ইরানের অংশ নেয়ার আশা করা এখন খুব কঠিন।’
এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘এ’-তে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। সূচি অনুযায়ী ১৫ জুন লস অ্যাঞ্জেলেস নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার কথা দেশটির। একই স্থানে ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ ইরানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন,মিসরের বিপক্ষে। ইতোমধ্যেই ইরান সব ঘরোয়া ফুটবল লীগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা অনেক আগে থেকেই ছিল। ডোনাল্ড ট্রাম্পের করা ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বা ট্রাভেল ব্যান তালিকার ৩৯টি দেশের মধ্যে ইরান অন্যতম। এর আগে গত বছরের শেষে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেও অংশ নেয়নি ইরান। মেহেদি তাজিসহ ইরানের অনেক বড় কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ঢোকার অনুমতি বা ভিসা দেয়নি।
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা পুরো বিষয়টি নজরে রেখেছে। ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম একটি সভায় বলেছেন, ‘আমরা ইরান সংক্রান্ত খবরগুলো পেয়েছি। এ নিয়ে সভাও হয়েছে। তবে বিস্তারিত বলার সময় এখনো আসেনি।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সব দল যেন নিরাপদে খেলতে পারে। আমরা আয়োজক দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
ছেলেরা বিশ্বকাপ বয়কটের চিন্তা করলেও মেয়েরা কিন্তু মাঠেই আছে। ইরানের নারী ফুটবল দল বর্তমানে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলছে। আজ সন্ধ্যায় তারা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। মেয়েদের খেলা নিয়ে এখন পর্যন্ত কোনো বড় সমস্যা দেখা দেয়নি।
বিশ্বকাপ বর্জনের পথে ইরান!
স্পোর্টস ডেস্ক
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
