রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়ামের জরাজীর্ণ দশা ও চরম অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। গতকাল দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানের এই ক্রীড়া স্থাপনাটি বর্তমানে কার্যত অরক্ষিত এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি স্টেডিয়ামের ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থার কঙ্কালসার রূপ বেরিয়ে এসেছে।
গত ৬ই ফেব্রুয়ারি গভীর রাতে স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ার থেকে ১১টি অত্যন্ত মূল্যবান ‘ব্যালাস্ট’ চুরি হয়। প্রতিটি ব্যালাস্টের ওজন ২০ কেজির বেশি এবং বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার সরকারি সম্পদ খোয়া গেছে। স্টেডিয়াম প্রশাসক মাসুদুর রহমান জানান, ওই রাতে মাত্র একজন নিরাপত্তাকর্মী ডিউটিতে ছিলেন, যিনি প্রধান গেটে ট্রাক সামলিয়েছেন। এই সুযোগে চোরচক্র টাওয়ারে উঠে যন্ত্রাংশগুলো নিচে ফেলে নিয়ে যায়। অথচ জাতীয় নির্বাচনের ডামাডোলের কারণে এই বিশাল চুরির ঘটনাটি এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল।
পরিদর্শনকালে নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের দায়িত্বে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় কড়া প্রতিক্রিয়া দেখান প্রতিমন্ত্রী। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর নির্বাহী পরিচালককে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যেই এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। স্টেডিয়ামের ভেতর ও ড্রেসিংরুমের পরিবেশ খেলাধুলার একদম অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে বসবাস করছেন, যা একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাফুফেকে এটি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেবো।’
আমিনুল হক জানান, ফিফার আর্থিক সহায়তায় স্টেডিয়ামের সামগ্রিক সংস্কার কাজ সম্পন্ন করা হবে। নিরাপত্তা জোরদারে সীমানা প্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া স্থাপন এবং মুগদা থানার সহায়তায় সার্বক্ষণিক পুলিশি টহলের ব্যবস্থা নেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ ও আধুনিক পরিবেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।
কমলাপুর স্টেডিয়ামে কেন মাদকের আখড়া, ব্যবস্থা নেবেন ক্রীড়া প্রতিমস্ত্রী
স্পোর্টস রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
