প্রথমবার বিশ্বকাপ রাঙাবেন তারা

প্রথমবার বিশ্বকাপ রাঙাবেন তারা

ফন্ট সাইজ:

আর একদিন পর মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের এবারের আসর। ক্লাব ফুটবলের পরিচিত অনেক মুখ বৈশ্বিক এ আসরে প্রথমবারের মতো নিজ দেশের জার্সি গায়ে খেলতে নামবেন। এদের কেউ বয়সের মারপ্যাঁচে আগের আসরে খেলার সুযোগ পাননি, কারও আবার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এমন ১০ জন তারকার বিস্তারিত তুলে ধরা হলো-

আর্লিং হালান্দ (নরওয়ে)

ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের অন্যতম ভরসা আর্লিং হালান্দ। নরওয়ে জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ৫৫ গোল করা এ তারকা এবারই প্রথম বিশ্বকাপে খেলবেন। ফলে হালান্দের বিশ্বমঞ্চে অভিষেক ফুটবলপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ।

লামিন ইয়ামাল (স্পেন)

মাত্র ১৮ বছর বয়সে লামিন ইয়ামাল ফুটবল দুনিয়ায় এক বিস্ময়ের নাম। বার্সেলোনার এ তরুণ উইঙ্গার খুব অল্প বয়সেই নিজের প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন। ইয়ামালের ড্রিবলিং, গতি এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ের অন্যতম কারিগর ছিলেন ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এবারের বিশ্বকাপে এই ইয়ামালকে ঘিরে স্প্যানিশদের প্রত্যাশা আকাশচুম্বী।

ফ্লোরিয়ান ভির্টজ (জার্মানি)

চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেননি জার্মান মিডফিল্ডের অন্যতম ভরসা ফ্লোরিয়ান ভির্টজ। ২০২৪ সালের ইউরোতে দুই গোল করেছেন। জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান এবারের বিশ্বকাপে ভির্টজকে নিয়ে আলাদা করে ছক আঁকছেন। জার্মানির আক্রমণভাগে জামাল মুসিয়ালা সঙ্গে ভির্টজকে জুটি বাঁধতে দেখা যাবে।

লুইস দিয়াজ (কলম্বিয়া)

কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজ দীর্ঘ অপেক্ষার পর প্রথম বিশ্বকাপে নামতে যাচ্ছেন। লিভারপুল এবং বায়ার্ন মিউনিখে খেলে দিয়াজ ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে নিজের অবস্থান পোক্ত করেছেন। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কলম্বিয়া যোগ্যতা অর্জন করতে না পারায় বিশ্বকাপ খেলা হয়নি এ কলম্বিয়ানের। এবারের আসরে কলম্বিয়া খেলবে। দিয়াজও ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। ৭০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ উইঙ্গার কলম্বিয়াকে নিজের প্রথম বৈশ্বিক আসরে অনেক দূর নিয়ে যেতে পারেন।

মাইকেল ওলিসে (ফ্রান্স)
ফ্রান্সের তরুণ উইঙ্গার মাইকেল ওলিসে বায়ার্ন মিউনিখে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। ২৫ গোল করার পাশাপাশি ২৮ অ্যাসিস্ট করেছেন এ ফরাসি তরুণ। পারফরম্যান্স দিয়ে ফ্রান্স জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওলিসে। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ উইঙ্গারদের একজন তিনি। এবারের বিশ্বকাপে নিজেকে গ্লোবাল সুপারস্টার হিসেবে গড়ে তোলার বড় সুযোগ পাচ্ছেন ওলিসে।

জোয়াও নেভেস (পর্তুগাল)
পর্তুগাল জাতীয় দলের মধ্যমাঠের প্রাণ জোয়াও নেভেস। পিএসজিতে যোগ দেয়ার পর ইউরোপের অন্যতম সেরা তরুণ মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই চ্যাম্পিয়নস লীগ জয়ের অভিজ্ঞতা অর্জন করা এ খেলোয়াড় এবার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলবেন। জোয়াও নেভেস রাইট-ব্যাক পজিশনেও খেলতে পারেন।

নিকোলাস পাজ (আর্জেন্টিনা)
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ ইতালির ক্লাব কোমোতে খেলেন। টেকনিক্যাল দক্ষতা এবং শারীরিক শক্তির মাধ্যমে আক্রমণাত্মক মিডফিল্ডার হয়ে উঠেছেন তিনি। প্রথমবার বিশ্বকাপে খেলতে যাওয়া নিকোলাসকে ভাবা হচ্ছে আর্জেন্টিনার মধ্যমাঠে ভবিষ্যতের বড় তারকা।

ফোলারিন বালোগান (যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান এবারের বিশ্বকাপে দলের মূল গোলস্কোরার হিসেবে থাকবেন। মোনাকোর হয়ে এ ফরওয়ার্ড এবারের মৌসুমে ১৯ গোল করেছেন। গতি, ফিনিশিং এবং দুই পায়ে শট নেয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। ২০২৪ কোপা আমেরিকাতে ফোলারিন বালোগান দুই গোল করেছিলেন। এটি প্রমাণ করে বড় টুর্নামেন্টের চাপ সামলাতে সক্ষম তিনি। এবার ফোলারিন বালোগানের ওপর যুক্তরাষ্ট্রের বড় প্রত্যাশা থাকবে।

আর্দা গুলার (তুরস্ক)
২০২৪ সালের ইউরো দিয়ে আলোচনায় আসেন আর্দা গুলার। অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাসিস্ট করার পর কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার বিপক্ষে গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে ২১ বছর বয়সী তারকা ১৬ অ্যাসিস্ট করেছেন। এবারের বিশ্বকাপে আর্দা গুলার তুরস্কের আক্রমণভাগের মূল ভরসা। সতীর্থ কেনান ইলদিজের সঙ্গে তার জুটি তুরস্ককে ভালো সাফল্য এনে দিতে পারে।

ইয়ান দিওমান্দে (আইভরি কোস্ট)
মাত্র ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দে ইউরোপিয়ান ফুটবলে দ্রুতই বড় নাম হয়ে উঠছেন। লাইপজিগে খেলে ইয়ান দিওমান্দে ইতিমধ্যেই বড় ক্লাবগুলোর নজর কাড়তে সক্ষম হয়েছেন। লিভারপুল ও পিএসজি’র মতো ক্লাব এ তরুণকে পর্যবেক্ষণ করছে। আফ্রিকান নেশনস কাপে ইয়ান দিওমান্দের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক। নিজের প্রথম বিশ্বকাপে এবার তার নিজেকে মেলে ধরার পালা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন