আগামী ১২ই জুন ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরুর আগে সুখবর পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসি’র প্রকাশ করা সর্বশেষ নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। যৌথভাবে ১৮তম স্থানে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক। বিশ্বমঞ্চে নামার আগে বড় রদবদল হয়েছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসকে টপকে আবারো টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ও অধিনায়ক মেলিয়া কার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ম্যাথিউস বিশ্রামে থাকায় রেটিং পয়েন্টের ব্যবধানে তাকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান নিজের করে নেন কিউই তারকা।
ব্যাটারদের তালিকায় শীর্ষ দু’টি স্থান ধরে রেখেছেন দুই অস্ট্রেলিয়ান জর্জিয়া ভল ও বেথ মুনি। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত হাফসেঞ্চুরি করে ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর এক ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। এ ছাড়া বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের তরুণী অ্যালিস ক্যাপসি, ৮২ রানের দারুণ ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন তিনি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার লিনসে স্মিথ। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তবে ইংলিশ পেসার লরেন বেল এক ধাপ এগিয়ে যৌথভাবে দ্বিতীয় এবং চার্লি ডিন এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।
দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে।
