ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে মিশেল প্লাতিনির ফৌজদারি মামলা

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই শুরু হওয়ার দিন দুয়েক আগে আইনি ধাক্কা খেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা’র এই শীর্ষ কর্তার বিরুদ্ধে ফ্রান্সে ফৌজদারি মামলা দায়ের করেছেন তারই একসময়ের বস ও ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। প্লাতিনির আইনজীবীরা সোমবার প্যারিসের একটি আদালতে ইনফান্তিনো এবং সুইজারল্যান্ডের আরও পাঁচজন ফুটবল ও প্রসিকিউশন কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। প্লাতিনির অভিযোগ, এক দশক আগে তাকে ফিফা সভাপতি হওয়া থেকে বিরত রাখতে ইনফান্তিনো ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলে এক পরিকল্পিত ষড়যন্ত্র, মিথ্যা অভিযোগ ও প্রভাব বিস্তারের অপচেষ্টা চালান। ফৌজদারি মামলার পাশাপাশি ফিফা’র কাছে ক্ষতিপূরণ চেয়ে একটি দেওয়ানি মামলাও করা হবে বলে প্লাতিনির মুখপাত্র নিশ্চিত করেছেন। ২০১৫ সালে ফিফায় ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির পর তৎকালীন সভাপতি সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে উয়েফা প্রধান মিশেল প্লাতিনিই ছিলেন ফিফা সভাপতি পদের প্রধান দাবিদার। সে সময় উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে প্লাতিনির অধীনেই কাজ করতেন ইনফান্তিনো। তবে আকস্মিকভাবেই ব্লাটারের কাছ থেকে প্লাতিনির ২০ লাখ সুইস ফ্রা নেয়ার একটি আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে।

এর ফলে তৎকালীন সময়ে ফুটবল থেকে নিষিদ্ধ হন প্লাতিনি এবং ২০১৬ সালে সবাইকে চমকে দিয়ে ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো।

দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২২ সালে এবং পরবর্তীতে গত বছর সুইস আপিল আদালতেও জালিয়াতির অভিযোগ থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন প্লাতিনি। এরপরই তিনি ইনফান্তিনো, ২০১৫ সালের সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার এবং ফিফা’র তৎকালীন আইনি পরিচালক মার্কো ভিলিগারের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন