মেসির ব্যঙ্গাত্মক ছবি টানানো নিয়ে সংঘর্ষে আহত ৪

মেসির ব্যঙ্গাত্মক ছবি টানানো নিয়ে সংঘর্ষে আহত ৪

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আর্জেন্টাইন ফুুটবল তারকা মেসির ব্যঙ্গাত্মক ছবি সম্বলিত ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন।
উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে স্থানীয় ভাবে উভয়পক্ষের মধ্যের সমঝোতার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন, আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে কেউ গুরুতর নন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা ব্যানারটি সরিয়ে নেয়ার দাবি করেন। তবে তা না করায় রোববার দিবাগত রাতে তারা ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকেরা।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী জানান, মেসির আপত্তিকর ছবি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পরে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। ভবিষ্যতে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন উভয় পক্ষের সমর্থকেরা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন