ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও বিজ্ঞানই সবচেয়ে বড় শক্তি এবং উন্নয়নের সবচেয়ে কার্যকর হাতিয়ার। যে দেশ গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে যায়, সেই দেশই বিশ্ব নেতৃত্ব দেয়। মঙ্গলবার সকালে ময়মনসিংহে বিভাগীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করা। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠানে তিনি ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আগামীতে ক্ষুদে বিজ্ঞানী ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও প্রকল্পে সহযোগিতা প্রদানের ঘোষণা দেন। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক ড. মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন্নাহার এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। এ ছাড়াও ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ গবেষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন, প্রকল্পগুলোর সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ গবেষণা ও উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
