মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার সকাল ১১টায় এ কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। জানা যায়, উপজেলা গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। তবে মিছিলটি হাসপাতালের দিকে অগ্রসর হলে মেঘনা থানা পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরে নেতাকর্মী ও সাধারণ জনগণ মেঘনা উপজেলা মডেল প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নেতা রূপমিয়া হোসাইন রাজ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেসুর রহমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির ইসলাম রহিমসহ প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও সেবার মান নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে। এসব সমস্যার সমাধান এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়া মোক্তার হোসেন নামে এক যুবকের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করলেও, রোগীর স্বজনদের অভিযোগ যথাযথ গুরুত্ব না দিয়ে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। বক্তারা আরও বলেন, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অনিয়ম দূর করার দাবিতে এ বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।
